দিনাজপুরে ইমাম ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সংগৃহীত ছবি
দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইমাম কল্যাণ সংস্থা ও আঞ্জুমান মফিদুল ইসলাম। শনিবার দিনাজপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ইমামদের পাশাপাশি অসহায়, প্রতিবন্ধী ও অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
দিনাজপুর ইমাম কল্যাণ সংস্থার উদ্যোগে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জন ইমামের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাওলানা জাকির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম, অধ্যক্ষ মুফতি খায়রুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী খাদেমুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।
অপরদিকে, স্টেশন রোডে অবস্থিত আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার কার্যালয়ে শতাধিক অসহায় শীতার্ত, প্রতিবন্ধী ও অসচ্ছল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি ও সাবেক দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক মো. মহশিনুল কালাম, নির্বাহী সদস্য মো. তারেক ইবনে নাসিম ও সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী মানবকল্যাণমূলক সংগঠন। বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। তারা সমাজের বিত্তবান মানুষদের শীতার্ত অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম।