পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর

অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শনিবার বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এর আগে গত বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হয়েছিল।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। সেজন্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে দলের সবাই অত্যন্ত খুশি।

আলমগীর হোসেন জানান, 'দীর্ঘদিন নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। আমাকে মনোনয়ন দেওয়ায় খুশি হয়েছি। ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে আসন উপহার দেবো।'