কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি

প্রতিকি ছবি

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ট্রাকচালকের নাম আলমগীর হোসেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব আলী মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরো টাকার দাবিতে তাকে আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় ট্রাকচালক আলমগীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। প্রথম দিকে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।