যশোরে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ বিজিবির
সংগৃহীত
যশোর শহর ও জেলার সীমান্তবর্তী বেনাপোল এলাকায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির যশোর রিজিয়ন সদর দফতর ও যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) যৌথভাবে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার গভীর রাতে যশোর শহরের রেলস্টেশন এলাকা ও জেলার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দর এলাকায় ছিন্নমূল নারী-পুরুষের মাঝে সরাসরি কম্বল বিতরণ করেন বিজিবি কর্মকর্তারা।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী যশোর শহর ও বেনাপোলে ২০০ জন দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জন্য বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।