ডেভিল হান্ট ফেজ টু অভিযানে রংপুরে গ্রেফতার ১০

ডেভিল হান্ট ফেজ টু অভিযানে রংপুরে গ্রেফতার ১০

প্রতিকি ছবি

ডেভিল হান্ট ফেজ টু অভিযানে রংপুর জেলা ও রংপুর মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

রংপুর জেলায় গ্রেফতাররা হলেন গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪১), তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রাকিব (২৭), মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহাগ মিয়া (৪০), পীরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাদিলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহুবার রহমান মুকুল (৫০), পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাজু মিয়া (২৮), কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন (২৮)।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনার অভিযোগও রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।