বিএনপি হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না: টুকু
সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে, আল্লাহ সুযোগ দিলে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন।
রবিবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনাকালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেছেন। একইভাবে তারেক রহমানও সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, জনগণ যদি তাকে সুযোগ দেন, আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এ লক্ষ্যে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সুলতান সালাউদ্দিন আরও টুকু বলেন, তিনি নিজে কোনো অন্যায় করবেন না এবং কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।