নেত্রকোনায় ৩ জনের মনোনয়ন দাখি

নেত্রকোনায় ৩ জনের মনোনয়ন দাখি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার ১০টি উপজেলার ৫টি আসনের এমপি প্রার্থীরা রবিবার (২৮ ডিসেম্বর) মনোনয়ন জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত হেভিওয়েট প্রার্থীসহ মোট তিনজন মনোনয়ন দাখিল করেন।

তারা হলেন— নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কাস্তে প্রতীকের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড জলি তালুকদার এবং একই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের সহসম্পাদক চম্পা রানী সরকার। তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে মনোনয়ন জমা দেন।

নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল রবিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনায় আসেন। তিনি তিন ধর্মীয় নেতাসহ মোট পাঁচজন প্রস্তাবককে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে বিকালে নেত্রকোনা-৪ আসনে সিপিবি মনোনীত প্রার্থী কমরেড জলি তালুকদার মুক্তিযোদ্ধা ও কৃষকসহ পাঁচজন প্রস্তাবক নিয়ে মনোনয়ন জমা দেন।

নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। রবিবার পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি তিনজন এবং কলমাকান্দা উপজেলা কার্যালয়ে একজনসহ মোট চারজন মনোনয়ন জমা দিয়েছেন। এ পর্যন্ত মোট ৩৩ জন মনোনয়নপত্র কিনেছেন।