নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনের মনোনয়নপত্র জমা

নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকনের মনোনয়নপত্র জমা

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের মাধ্যমে শুরু হয়েছে, তাতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। তবে নির্বাচনকে বানচাল বা দীর্ঘায়িত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জনগণ তাদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করবে।’

খায়রুল কবির খোকন বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জনগণ নতুন একটি রাষ্ট্রীয় বাস্তবতা অর্জন করেছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনগণের মধ্যে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তাতে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।’

উল্লেখ্য, নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের পাঁচটিতেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খায়রুল কবির খোকন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।