সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ডগ ব্রেসওয়েল

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ডগ ব্রেসওয়েল

সংগৃহীত ছবি

চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল। বয়স ৩৫ হলেও বারবার চোটে পড়ায় মানসিকভাবে আর লড়াই চালিয়ে যাওয়ার শক্তি না পাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রেসওয়েল। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১১ সালে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ২৬ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এখনো সেটিই অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট জয়।

ওই ম্যাচটি ছিল ব্রেসওয়েলের ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট। সম্ভাবনাময় শুরু হলেও ইনজুরি তার ক্যারিয়ারকে বারবার থামিয়ে দিয়েছে। চলতি মৌসুমে পাঁজরের চোটের কারণে ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে। সেখানেও চোটের কারণে তিনটির বেশি ম্যাচ খেলতে পারেননি। পুরো বছরে সব ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র চারটি ম্যাচ খেলতে সক্ষম হন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। শেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালে এবং টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।

টেস্ট ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৭৪টি। ওয়ানডেতে নিয়েছেন ২৬ উইকেট, টি-টোয়েন্টিতে ২০টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ৪২২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪ হাজার ৫০৫ রান, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি।