ময়মনসিংহের ৯ আসনে বিএনপির স্বতন্ত্র

ময়মনসিংহের ৯ আসনে বিএনপির স্বতন্ত্র

সংগৃহীত ছবি

আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। অন্যান্য দলের মতো সব আসনেই বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ৯টি আসনেই বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়মনসিংহ-১:
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ সংসদীয় আসন। এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ। এ আসনে জামায়াতের ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান মুক্তাও মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-২:
ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ময়মনসিংহ-২। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার।

ময়মনসিংহ-৩:
গৌরীপুর উপজেলা নিয়ে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন। তবে শেষ পর্যন্ত দলের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. ইকবাল হোসাইন বিএনপি থেকে মনোনয়ন পান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহম্মেদ তায়েবুর রহমান হিরন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরীপুরে উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ময়মনসিংহ-৪:
ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এই আসনটি জেলার রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করে। ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ মনোনয়ন পান। এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ-৫:
মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন-এর ছোট ভাই জাকির হোসেন বাবলু। এ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

ময়মনসিংহ-৬:
কৃষিনির্ভর ফুলবাড়ীয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৬ আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্যের স্ত্রী আখতার সুলতানা ও তাদের ছেলে তানভীর আহম্মেদ রানা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম। জামায়াত মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-৭:
ময়মনসিংহ-৭ আসনটি ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন মনোনয়ন পেয়েছেন। তবে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের ছেলে মুহাম্মদ আনোয়ার সাদাতও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

ময়মনসিংহ-৮:
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। গত শনিবার দল থেকে পদত্যাগ করে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক হাসান এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

ময়মনসিংহ-৯:
এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ-১০:
আসনটিতে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান এবং পাগলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-ফাতাহ মো. আব্দুল হান্নান খান।

ময়মনসিংহ-১১:
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১১ আসন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু দলীয় মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম।