বিএনপি ছাড়ার পরদিনই হাতপাখায় মনোনয়ন দাখিল করেন শাহ্ নুরুল কবির শাহীন
সংগ্রহীত ছবি
দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সঙ্গে দুই দশকের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহীন। বিএনপি থেকে পদত্যাগের ঘোষণার পরদিনই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’ নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সোমবার বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের কার্যালয়ে শাহীন মনোনয়নপত্র জমা দেন। এ ঘটনা প্রকাশ্যে আসতেই দলীয় ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।
মনোনয়ন দাখিল শেষে শাহীন বলেন, ব্যক্তিগত কারণে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে, তাই তাদের পক্ষেই মনোনয়ন জমা দিয়েছি।
তবে রাজনৈতিক মহলের দাবি, ‘ব্যক্তিগত কারণ’ বলতে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়াকেই বোঝানো হচ্ছে। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পরই শাহীনের দল ছাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
গত ২৮ ডিসেম্বর দেওয়া পদত্যাগপত্রে তিনি বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রতীকে মনোনয়ন দাখিল করায় প্রশ্ন উঠেছে—এটি আদর্শিক পরিবর্তন, নাকি ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার কৌশল।
উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু বলেন, নানা বিতর্কের কারণে তিনি অনেক আগেই বিএনপির রাজনীতিতে গুরুত্ব হারিয়েছেন। যে দল থেকেই নির্বাচন করুন না কেন, ধানের শীষের ভোটে প্রভাব ফেলতে পারবেন না।
উল্লেখ্য, শাহ্ নুরুল কবির শাহীন ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর তার এই হঠাৎ অবস্থান পরিবর্তন এখন ময়মনসিংহে আলোচনার কেন্দ্রবিন্দু।