ভিডিও কলে বিয়ে করার বিধান কী?

ভিডিও কলে বিয়ে করার বিধান কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : আমার বড় ভাই (প্রাপ্তবয়স্ক) গত ঈদুল ফিতরের পরের দিন আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে ইমোতে একটি গ্রুপ খোলেন। অতঃপর ওই গ্রুপে এক স্থান থেকে একজন (প্রাপ্তবয়স্ক) মেয়ে এবং দুই দেশ থেকে দুজন (প্রাপ্তবয়স্ক) ছেলে-মেয়ে যুক্ত হন। অতঃপর তাঁরা সবাই আলোচনার মাধ্যমে এবং আমার ছোট ভাই ওই দুজন ছেলেকে সাক্ষী রেখে নির্দিষ্ট পরিমাণ মোহর ধার্য করে আমার বড় ভাই ওই মেয়েকে মোবাইল ফোনেই বিয়ে করেন। প্রশ্ন হলো, তাঁদের এই বিয়ে শুদ্ধ হয়েছে কি না? যদি না হয়ে থাকে, তাহলে এখন তাঁদের জন্য ইসলামের বিধান কী?

-আলাউদ্দিন, ময়মনসিংহ

উত্তর : বিয়ে শুদ্ধ হওয়ার জন্য আবশ্যকীয় শর্ত হলো একই মজলিসে (স্থানে) সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব-কবুলের মাধ্যমে আকদ হওয়া।

প্রশ্নোক্ত ক্ষেত্রে বিয়ের চুক্তি সম্পাদনকারীরা এবং সাক্ষীদের মজলিস (স্থান) ভিন্ন ভিন্ন হওয়ায় এ বিয়ে শুদ্ধ হয়নি। অতএব, তিনি চাইলে ওই নারীকে শরিয়া পদ্ধতিতে বিয়ে করতে পারবেন। আর দূরে থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করার শরয়ি পদ্ধতি হলো এক পক্ষ অপর পক্ষের অবস্থানস্থলে কোনো ব্যক্তিকে নিজেকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য উকিল বানাবে। এরপর সেই উকিল শরিয়াসম্মত দুজন সাক্ষীর উপস্থিতিতে মক্কেলের পক্ষ থেকে ইজাব অথবা কবুল করে নেবে।

(আল জামে, পৃষ্ঠা-৩৫০, বাদায়েউস সানায়ে : ৩/৩২৫, হিন্দিয়া : ১/২৯৬, রদ্দুল মুহতার : ৩/১৪, আফকে মাসায়েল আওর উনকা হল : ৬/৯৮)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।