খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে কোরআন খতম ও কালোব্যাজ ধারণ
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাটোরের বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুরে ভিড় জমতে থাকে নেতাকর্মীদের।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং অর্ধনিমিত রাখা হয় জাতীয় ও দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন খতমের। নেতাকর্মীরা সকলেই কালোব্যাজ পরিধান করেছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপসহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবককে, এমন মন্তব্য করেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মহাকালের, মহাকাব্যের আপসহীন নেত্রী, বাংলাদেশের অভিভাবক ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল। নাটোরবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার বীরত্বপূর্ণ ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের কারণে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতি তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি তার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানান। তিনি আরও বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি ও সবার নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।