খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালজুড়ে শোকের মাতম

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালজুড়ে শোকের মাতম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বরিশালজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে শোক প্রকাশ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক আহ্বায়ক আলী হায়দার বাবুল, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ হাজারো নেতাকর্মী।

চেয়ারপার্সনের মৃত্যুতে বরিশাল জেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি সাত দিনব্যাপী কোরআন খতম, দোয়া-মোনাজাত ও শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বরিশাল নগরীর প্রতিটি মসজিদে আছরের নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, স্থানীয় পত্রিকার প্রকাশক-সম্পাদক পরিষদ এবং জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পৃথক শোকবার্তা দেওয়া হয়।