ঢাবিতে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস অনুষ্ঠিত
সংগৃহীত
বাংলাদেশের গণতন্ত্রের ওপর দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক আন্তঃবিভাগীয় ‘ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ) এই কনফারেন্সের আয়োজন করে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শুরু হয়ে শেষ দিনের অধিবেশন শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।
কনফারেন্সের আহ্বায়ক পিপিএসআরএফের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বক্তব্যের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেসের পক্ষে শোক জ্ঞাপন করেন। এসময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল।
কনফারেন্সের কি-নোট স্পিকার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, আমি নিজ চোখে মাঠপর্যায়ে যা দেখেছি তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার রাজনৈতিক মূল্যবোধ ও উপলব্ধি গড়ে উঠেছে। তাত্ত্বিক জ্ঞানের কোনো অংশ গ্রহণযোগ্য আর কোনো তাত্ত্বিক ধারণা প্রত্যাখ্যান করা প্রয়োজন, মানুষের কথা শোনা ও বাস্তব অভিজ্ঞতা আমাকে তা বিচার করতে শিখিয়েছে।
সমাপনী পর্বে সম্মানিত অতিথি ও ফিচার স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসন।
একই ভেন্যুতে সোমবার (২৯ ডিসেম্বর) প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদমাধ্যমের সম্পাদকরা ফিচার স্পিকার ও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সম্মেলনের জন্য জমা পড়া প্রায় ১৬৫টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করে ৬৭টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে। এতে অনলাইনে প্রায় ২০টি দেশের প্রতিনিধি অংশ নেন এবং বিশ্বের প্রায় ৩৫টি দেশ এই সম্মেলনের প্রতি আগ্রহ প্রকাশ করে।