দিনাজপুরের খানসামায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
দিনাজপুরের খানসামায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারসংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম
গ্রহণ করা হচ্ছে।