ট্রাকের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার ড্রাম ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক কোতোয়ালী থানায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মুবিনুল ইসলাম নয়নের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ি ৩ নম্বর ওয়ার্ডের বুড়ি পুকুর গ্রামে। তিনি নুরুল আমিনের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালী থানায় ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন নয়ন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।