বগুড়ার তিন আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ার তিন আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রম চলে। যাচাই-বাছাইয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দুইজন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চারজন এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন শিউলীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বগুড়া- (সারিয়াকান্দি-সোনাতলা)
এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বধ প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম, বিএনপির এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের মো. আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় স্বাক্ষর ও তথ্যের গড়মিল পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশার শিক্ষাসনদে ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বগুড়া- (শিবগঞ্জ)
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন— বিএনপির মীর শাহে আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্যের গরমিলের কারণে মাহমুদুর রহমান মান্না এবং তথ্য গোপন ও নথিপত্রে অসংগতির কারণে শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া তথ্য গরমিলের কারণে গণঅধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

বগুড়া- (আদমদীঘি-দুপচাঁচিয়া)
এই আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. আব্দুল মহিত তালুকদার, জাতীয় পার্টির মো. শাহিনুর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নুর মোহাম্মদ।

হলফনামায় মামলার তথ্যের গরমিল থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।