টুর্নামেন্টে ভরাডুবির কারণে জাতীয় ফুটবল দল নিষিদ্ধ

টুর্নামেন্টে ভরাডুবির কারণে জাতীয় ফুটবল দল নিষিদ্ধ

সংগৃহীত ছবি

টুর্নামেন্টে একের পর এক ম্যাচ হেরে হতাশা নিয়ে আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) থেকে বিদায় নিয়েছে গ্যাবন। ধারাবাহিক ব্যর্থতার কারণে জাতীয় ফুটবল দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

নিজেদের শেষ ম্যাচে আইভরিকোস্টের কাছে ৩-২ গোলে হেরে পয়েন্ট তালিকার তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। একই সঙ্গে দলটির তারকা ফরোয়ার্ড পিয়ের-এমেরিক আউবামেয়াংকে নিষিদ্ধ এবং প্রধান কোচ থিয়েরি মউইউমাকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) গ্যাবনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা এই ঘোষণা দেন। তিনি বলেন, আফ্রিকা কাপে প্যান্থারদের (গ্যাবন দল) লজ্জাজনক পারফরম্যান্সের পর সরকার কোচিং স্টাফ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় দলের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

এছাড়া ব্রুনো একুয়েলে মানগা ও পিয়ের-এমেরিক অউবামেয়াংকে জাতীয় দল থেকে স্থায়ীভাবে বাদ দেয়া হয়েছে। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে গ্যাবনের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। মারাকেশে সেই ম্যাচে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত হার মানে দলটি।

সাবেক আর্সেনাল ও চেলসি তারকা আউবামেয়াং গ্যাবনের সর্বোচ্চ গোলদাতা। তার নেতৃত্ব ও অভিজ্ঞতার পরও দলের এমন ব্যর্থতায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোচ থিয়েরি মউইউমা প্রায় দুই বছরের কিছু বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন। একসময় আফ্রিকার বিভিন্ন দেশে জাতীয় দল ভেঙে দেওয়ার ঘটনা নিয়মিত দেখা যেত। তবে ফিফার কঠোর নীতির কারণে এখন এরকম খুব একটা দেখা যায় না।