বোমা ফাটিয়ে দোকানের লাখ লাখ টাকা লুটে নিল মুখোশধারীরা
ফাইল ছবি
মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে একটি দোকানের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে তেরঘরিয়া গ্রামের টাওয়ারপাড়ার ‘এন এস টেলিকম’ নামের মোবাইল সার্ভিসিং ও মোবাইল ব্যাংকিং এজেন্ট দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক নাহিদকে (৩৪) আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। দোকান মালিকের দাবি, ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা গেছে, ডাকাতরা একটি মোটরসাইকেলে এসে দোকানে ঢুকে নাহিদকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশে থাকা প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সেবায় ব্যবহৃত চারটি মোবাইল ফোনও নিয়ে যায়। ওই ফোনগুলোতে মোট প্রায় ৭ লাখ টাকার ব্যালান্স ছিল।
ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। পালানোর সময় দোকানের সামনে বোমা ফাটিয়ে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। ভয়াবহ বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ভয়ভীতিতে পড়ে যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এখনও কেউ লিখিত অভিযোগ দায়নি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তবে বোমা বিস্ফোরণের বিষয়টি আলাদা করে তদন্ত করা হচ্ছে।