জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১২টি বাতিল
ফাইল ছবি
জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টির মধ্যে ১২টি বৈধ এবং ১২টি বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, শনিবার জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসব আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করে ১২ জনের দাখিলকৃত কাগজপত্র সঠিক পাওয়ায় বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১২ জনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের হলফনামায় তথ্য ঘাটতি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এম. সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. সামিউল হক ফারুকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, মোস্তফা আল মাহমুদ, শওকত হাসান মিয়া, শরিফুল ইসলাম খান ও অর্নব ওয়ারেছ খানসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে হলফনামায় স্বাক্ষরসহ বিভিন্ন অসংগতির কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু, এস. এম. শাহীনুর রহমান, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ও ফারজানা ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী, ফিদেল নঈম, জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও রুবেল মিয়া।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী রবিবার জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।