কিশোরগঞ্জে সিপিবিসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কিশোরগঞ্জে সিপিবিসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, কমিউনিস্ট পার্টিসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন। 

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৪, কিশোরগঞ্জ-৫ ও  কিশোরগঞ্জ-৬ আসনে ২৯ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। আজ যাচাই বাছাই শেষে ১০ জনের প্রার্থিতা বাতিল করা হয়। 

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মোট প্রার্থী ৯ জন। যাচাই-বাছাই শেষে বাদ পড়েছেন চার জন। এই আসনে হলফনামায় স্বাক্ষর না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন রেজা চৌধুরী। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লা ও অপর স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির।

এছাড়া নির্দেশনা অনুযায়ী হলফনামা দাখিল না করায় এবং তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর।

অন্যদিকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মোট প্রার্থী ৮ জন। যাচাই বাছাইয়ে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম)।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোট প্রার্থী ছিল ১২ জন। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। তাদের মধ্যে সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. নজরুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এছাড়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী, সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী জমা না দেওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী ডা. মোহাম্মদ হাবিল মিয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আয়ুব হুসেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থনসূচক তালিকায় এক শতাংশের কম ভোটারের সমর্থন থাকায় বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী শরিফুল হক জয়ের প্রার্থিতা।

আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।