ব্রাহ্মণবাড়িয়া-৫ : হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি প্রার্থী এম এ মান্নানের মতবিনিময়
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান তাঁর নির্বাচনী এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের (সনাতনী) সঙ্গে মতবিনিময় করেছেন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) উপজেলা সদরের হরিসভা প্রাঙ্গণে হিন্দুদের সঙ্গে বিএনপি প্রার্থীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীনগর উপজেলা শাখা এই মতবিনিময় সভাটির আয়োজন করে। এতে ‘প্রধান অতিথি’ হিসেবে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।
মতবিনিময় সভার শুরুতেই সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সঞ্জয় সাহার সঞ্চালনায় ব্যতিক্রমী এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা, বিশিষ্ট ঠিকাদার সাদিকুল ইসলাম সাদির, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, দুই সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, বিএনপি নেতা নবীনগর পূর্ব ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি অনন্ত হিরা, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়সহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, এ দেশে একমাত্র বিএনপির শাসনামলেই সনাতনী হিন্দু ভাই-বোনেরা সর্বদা নিরাপদে বসবাস করে থাকেন। যা অতীতে বারবারই প্রমাণিত হয়েছে।
ইনশাল্লাহ বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আবারও আসীন হলে এ দেশের সর্বক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে।
তিনি বলেন, এ দেশের সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে সবসময় বসবাস করতে পারে, আমাদের দলের নেতা তারেক রহমান আমাদেরকে যেভাবেই নির্দেশনা দিচ্ছেন ও সেভাবেই কাজ করে যাচ্ছেন।’
এ সময় স্থানীয় হিন্দু নেতারাও তাদের নানা সম্যসার কথা তুলে ধরে আগামীতে এসব সমস্যা সমাধানে বিএনপিকে সর্বাগ্রে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন।