তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হৃদয় রিমান্ডে
ফাইল ছবি
ঢাকার তেজগাঁও কলেজের ছাত্রাবাসে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যার মামলায় গ্রেফতার মো. শামীম আহমেদ হৃদয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন হৃদয়কে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
মামলার বিবরণে বলা হয়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ‘মাদক সেবন ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে’ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় তিনজন গুরুতর আহত হন।
তাদের মধ্যে সাকিবুল হাসান রানা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর মারা যান। ওই ঘটনায় প্রথমে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।