রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে পিলারে বেঁধে মারধর

রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে পিলারে বেঁধে মারধর

ফাইল ছবি

রংপুরে ছিনতাইয়ের অভিযোগে বিদ্যুতের পিলারে বেঁধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে গণপিটুনির একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের পিলারের সঙ্গে দড়ি দিয়ে ওই নারীকে বেঁধে রাখা হয়েছে। এ সময় এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি লাঠি দিয়ে নারীকে সজোরে আঘাত করেন। পাশ থেকে এক ব্যক্তি ওই নারীকে মারধর না করার জন্য অনুরোধ করলে লাঠিধারী ব্যক্তি তাকেও মারতে উদ্যত হন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও গণপিটুনির শিকার ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে ওই নারীকে কেউ পুলিশের কাছে সোপর্দ করেনি এবং এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।