যতদিন দেশ থাকবে বেগম জিয়ার অবদান মানুষ মনে রাখবে : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
যতদিন দেশ থাকবে বেগম জিয়ার অবদান মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে। সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে আমরা ব্যবহার করব না, বরং এই বাংলাদেশ, এই জাতি বির্নিমাণে প্রয়োগ করব।
সোমবার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদরাসায় সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কিন্ত পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। আমরা সবাই যতদিন বেঁচে থাকব তার ত্যাগকে মূল্যায়ন করব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী আরও বলেন, দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারাবিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার একটি তার নসিব হয়েছে। এতে বোঝা যায়, এদেশের মানুষ তার ওপর কত বেশি আস্থা রাখতেন, ভরসা করতেন।