বনদস্যুদের হাত থেকে পর্যটক উদ্ধার, আটক ৬

বনদস্যুদের হাত থেকে পর্যটক উদ্ধার, আটক ৬

ফাইল ছবি

সুন্দরবনে বনদস্যু দলের হাতে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা দুই পর্যটকসহ একটি রিসোর্টের মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ বাহিনী। এ ঘটনায় মুক্তিপণের অর্থ লেনদেনের সঙ্গে জড়িতসহ ছয়জনকে আটক করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, গত শুক্রবার বিকাল ৩টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কাঠের বোটে ভ্রমণকালে পাঁচজন পর্যটক, এক মাঝি ও রিসোর্ট মালিকসহ মোট সাতজনকে মাসুম মৃধার নেতৃত্বাধীন বনদস্যু দল জিম্মি করে। পরে বনদস্যুরা তিনজন পর্যটক ও মাঝিকে ছেড়ে দিলেও দুই পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেন।

পরবর্তীতে কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) ও মেহেদী হাসান (১৯)-কে গোলকানন রিসোর্টসংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আলম মাতব্বর (৩৮)-কে আটক করা হয়।

একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় বনদস্যু মাসুমের মা জয়নবী বিবি (৫৫) এবং বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডু (৩০)-কে নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়।

রবিবার সন্ধ্যা ৭টায় ড্রোন সার্ভিল্যান্সের মাধ্যমে সুন্দরবনের গাজী ফিশারিজসংলগ্ন এলাকা থেকে জিম্মি থাকা দুই পর্যটক ও গোলকানন রিসোর্টের মালিককে উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।