গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
সংগ্রহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দিলে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (৪২) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর এলাকার গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)। এ সময় ট্রাকে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর এলাকার আয়েন উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৪) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল থেকে উপজেলার কালিতলা এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের ডিভাইডারের ওপর মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়াগামী অপর একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের কেবিনে থাকা একজন যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ এবং ট্রাকের কেবিনে থাকা অপর এক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকে কেউ না থাকায় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।