রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ দুজনের আত্মহত্যা
প্রতিকি ছবি
রাজধানীর কলাবাগান ও হাজারীবাগে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর মধ্যে কলাবাগান থেকে নাদের নেহাল রোনাক (৩২) ও হাজারীবাগ থেকে রত্না আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু শরীফ জানান, দুপুরে ৯৯৯-এ সংবাদ পেয়ে কলাবাগানের হাতিরপুল ফ্রী স্কুল স্ট্রিট ৩৭৪/ই এর চতুর্থ তলার বাসা থেকে নেহালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আমেরিকার নিউইয়র্কের কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে গত বছরের অক্টোবরে দেশে চলে আসেন।
তিনি জানান, হতাশা থেকে নিজের রুমে গত রাত থেকে সকালের মধ্যে ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। বেলা ১১টার দিকে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজার সিটকানি ভাঙা হয়। এরপর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
অন্যদিকে, দুপুরে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ জাফরাবাদ এলাকার একটি চতুর্থ তলা বাসার নিচ তলা থেকে রত্না আক্তার (২৬) নামে চাকরিজীবী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
রত্না ফরিদপুর ভাঙা উপজেলার ভাঙারপাড় গ্রামের সামাদ মাতব্বরের মেয়ে। বর্তমানে হাজারীবাগের জাফরাবাদ এলাকায় থাকতেন।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এসআই মো. বজলুর রশীদ।