ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে নববিবাহিত এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গত প্রায় ৬ মাস আগে মোছাম্মৎ ফুলেরা বেগম (৫৯) নামের ওই বৃদ্ধাকে বিয়ে করেন উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরী গ্রামের খোদা নেওয়াজ (৬০) নামের এক বৃদ্ধ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খোদা নেওয়াজ নামের কৃষকের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত বিদেশি খানের মেয়ে মোছাম্মৎ ফুলেরা বেগমকে (৫৯)।
গত প্রায় ৬ মাস আগে বিয়ের পর থেকে ওই বুদ্ধা অস্বাভাবিক আচরণ শুরু করেন। প্রায়ই ঘর থেকে বের হয়ে নানা জায়গা চলে যেত। এর মধ্যে মঙ্গলবার সকালে স্বামী খোদা নেওয়াজ বাড়ির পাশেই পানের বরজে কাজ করতে যায়। পরে প্রতিবেশীরা জানতে পারে, বৃদ্ধা ফুলেরা বেগম নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ মাটিতে নামালে দেখা যায়, অনেক আগেই ওই বৃদ্ধা মারা গেছেন।
নিহতের স্বামী খোদা নেওয়াজ জানান, বিয়ে করে আনার পর থেকেই নানা ধরনের আচরণ করতে থাকেন স্ত্রী। কোনোভাবেই তাকে নিভৃত করা যায়নি। এর মধ্যে গত সোমবার সারা রাতই ঘরের ভেতর বসে রাত কাটিয়েছে।
সকালে তিনি স্ত্রীকে ঘরে রেখে পানের বরজে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকার খবর পান।
তিনি জানান, এর আগে তার স্ত্রীর আরো চারটি বিয়ে হয়েছিল। দুই স্বামী মারা গেলেও অন্য দুইজন তাকে ছেড়ে দেয়।
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মূল ঘটনা জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।