স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা

সংগৃহীত ছবি

 ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা।

তিনি জানান, মামলায় অজ্ঞাত তিন-চার জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এর আগে, বুধবার রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্তরা। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।