চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

সংগৃহীত ছবি

টানা তিনদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা ওঠানামা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া  বুধবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শীতল বাতাসে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে আসছে না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

এদিকে, পৌষের শুরু থেকেই চুয়াডাঙ্গা জেলায় শীত অনুভূত হওয়ায় সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। জেলায় চারটি উপজেলায় সরকারিভাবে প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শীতের এ তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে।