গাইবান্ধায় পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিনভর অভিযান চালিয়ে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১৩ জানায়, অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ ও মার্কারি সম্বলিত কয়লা ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের অভিযোগে এ জরিমানা করা হয়। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৩ সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—মেসার্স আনোয়ারা ব্রিক্সের মালিক আল মামুন (৫ লাখ টাকা), মেসার্স সরকার ব্রিক্সের মালিক আশরাফুল হাবিব (৪ লাখ ৫০ হাজার টাকা), মেসার্স এসআই ব্রিক্সের মালিক শরিফুল আলম উজ্জল (৫ লাখ ৫০ হাজার টাকা), এ জেড বি ব্রিক্সের মালিক আজিজ (৩ লাখ টাকা) এবং এমএবি ব্রিক্সের মালিক আনোয়ার হোসেন সরকার (৫ লাখ টাকা)।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশবিরোধী কার্যক্রম দমনে র‌্যাব-১৩ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।