নাটোরের ৪টি আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১১ হাজার ১২৪

নাটোরের ৪টি আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১১ হাজার ১২৪

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১১ হাজার ১২৪ জন ভোটার। এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং কারাগারের বন্দি হিসেবে রয়েছেন মোট আট হাজার ২৪৬ জন এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন দুই হাজার ৮৭৮ জন।

আসন ভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে রয়েছেন দুই হাজার ৭৯৫ জন। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে রয়েছেন তিন হাজার ৩৪৩ জন। সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে রয়েছেন দুই হাজার ১০৪ জন। গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে রয়েছেন দুই হাজার ৮৮২ জন ভোটার।

নাটোর সদর আসনের ভোটার কানাডা প্রবাসী সৈয়দ মিল্টন রেজা বলেছেন, প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পেতে যাচ্ছেন। একই সঙ্গে গণভোটে ভোট দেওয়া যাবে। দেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সংস্কারে মতামত প্রদানের সুযোগ পাওয়া গৌরবের। এই উদ্যোগ গ্রহণ করায় বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটারবৃন্দের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্যে প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্যে গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন। পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত খামে মুখ বন্ধ করে ভোটারেরা ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দপ্তরে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।