এবার পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত ২
সংগ্রহীত ছবি
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন ফেডারেল এজেন্টদের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহতরা একজন পুরুষ ও একজন নারী। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা কী, তা জানা যায়নি।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, ঘটনাটি ঘটে স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিটে।
তাদের দাবি, এক ভেনেজুয়েলার গ্যাং সদস্য গাড়ি নিয়ে ফেডারেল এজেন্টদের ওপর হামলার চেষ্টা করেন। এতে নিজের নিরাপত্তার জন্য এক এজেন্ট গুলি চালান। এরপর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের কোনো কর্মকর্তা জড়িত ছিলেন না।
গুলিবিদ্ধ দুইজনকে কয়েক ব্লক দূর থেকে উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে পাঠায়। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আহত পুরুষ ও নারী স্বামী-স্ত্রী হতে পারেন।
এ ঘটনা ঘটেছে মেনিয়াপোলিসে এক ফেডারেল এজেন্টের গুলিতে এক নারী নিহত হওয়ার এক দিন পর।
ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফেডারেল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। পোর্টল্যান্ডের জেলা অ্যাটর্নি বলেন, পুরো ঘটনার সঠিক তদন্ত করা হবে এবং সব প্রমাণ সংরক্ষণ করা হবে।
পোর্টল্যান্ডের পুলিশ প্রধান জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ঘটনার তদন্ত এফবিআইয়ের নেতৃত্বে চলছে। পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহরে অভিবাসন সংস্থা আইসিই-এর কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ফেডারেল সরকারের বক্তব্য আর সহজে বিশ্বাস করা যায় না এবং এই পরিস্থিতিতে শহরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগেও পোর্টল্যান্ডে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শহরে উত্তেজনা বেড়েছে এবং অনেকের মতে, এমন সহিংস ঘটনা আগে থেকেই আশঙ্কা করা যাচ্ছিল।