বেগম খালেদা জিয়া বিপদে সবার পাশে থাকতেন: টুুকু
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া মানুষের বিপদে পাশে থাকতেন। বিশেষ করে বন্যা, খরা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোয় তার প্রতি মানুষের আলাদা আস্থা তৈরি হয়।
শুক্রবার দুপুরে বিসিক শিল্পপার্কে মঞ্চ তৈরি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণ দোয়া মাহফিল ও সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন উপলক্ষে এ মঞ্চ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, 'সিরাজগঞ্জের মানুষ যেমন সবসময় বেগম জিয়াকে পাশে পেয়েছেন তেমনি সিরাজগঞ্জের মানুষও সবসময় বেগম জিয়ার পাশে ছিলেন। বিশেষ করে নদী ভাঙন ও বন্যার সময় সিরাজগঞ্জের মানুষ বেগম খালেদা জিয়াকে পাশে পেয়েছেন। তার প্রয়াণে সিরাগঞ্জের মানুষ শোকাহত। শোকাহত মানুষগুলোই এ গণ দোয়া মাহফিলে উপস্থিত হবেন।'
সিরাজগঞ্জ জেলা বিএনপি সুসংগঠিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তারেক রহমানেরর আগমনে সিরাজগঞ্জের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার নিরাপত্তার জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, পাশাপাশি বিএনপিও ব্যবস্থা গ্রহণ করছে।'
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই