সীমান্ত দিয়ে অস্ত্র আসা বন্ধ হয়নি: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সীমান্ত দিয়ে অস্ত্র আসা বন্ধ হয়নি: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সীমান্ত দিয়ে অস্ত্র আসা বন্ধ হয়নি। অস্ত্র আসা বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

শুক্রবার নগরীর গুডসহিল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের গুম, খুন, ধর্ষণ ও নির্যাতনের শিকার ছিল রাউজান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব বিপ্লবে সবাই ভেবেছিল রাউজান ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, সমগ্র বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও রাউজানে তা হয়নি।

তিনি বলেন, এই ১৭ বছরে রাউজানের সাধারণ জনগণসহ প্রকৃত ও সাচ্চা বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা দুর্বিষহ জীবন যাপন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ লালন করার কারণে রাউজানে বিএনপির প্রকৃত নেতা-কর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। পিটিয়ে ও গুলি করে হত্যা, মিথ্যা মামলা, অস্ত্র দিয়ে ফাঁসানো, এমনকি জুমার নামাজের সময় মসজিদ থেকে টেনে বের করে হত্যার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, সে সময় অনেক নেতা-কর্মী বাবা-মায়ের দাফন-কাফন ও জানাজায় অংশ নিতে পারেননি, ঈদের নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেননি। অথচ বিএনপি দাবিদার একটি ক্ষুদ্র গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপন করেছে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ৫ আগস্টের পর রাউজানে শান্তির সুবাতাস বইবে বলে আশা করেছিলাম। কিন্তু আওয়ামী লীগের ‘বি’ টিম হিসেবে পরিচিত একটি গোষ্ঠী আগের ধারাবাহিকতায় একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। ৫ আগস্টের পর রাউজানে সংঘটিত ১৯টি হত্যাকাণ্ডের মধ্যে ১৩ জনই তার অনুসারী বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক এনাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মোহাম্মদ ফিরোজসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।