ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত

প্রতিকি ছবি

ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর- সলিমগঞ্জ রসুল্লাবাদ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ ট্রাক আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। কিন্তু মোটা অঙ্কের ঘুষ গ্রহণের মাধ্যমে গাঁজার ওই বিশাল চালান ওই দুই পুলিশ আটক করেও ছেড়ে দেন বলে অভিযোগ উঠে।

পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।