পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যুর গুজব ভুয়া
পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যুর গুজব ভুয়া। ছবিঃ সংগৃহীত
কিংবদন্তি পাকিস্তানি সুফি সংগীতশিল্পী আবিদা পারভীনের মৃত্যু হয়েছে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে শিল্পীর পরিবার।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান-এর খবরে জানানো হয়, আবিদা পারভীনের কন্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, আবিদা পারভীন সুস্থ আছেন এবং নিরাপদ রয়েছেন। মৃত্যুর এই গুজব কীভাবে ছড়াল এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আবিদার মেয়ে বলেন, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামের আরেকজন নারীর মৃত্যু হয়েছিল।
নামের মিল থাকার কারণে সেই খবর সামাজিক মাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই ছাড়াই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় শিল্পীর ভক্তরা অযথা আতঙ্কিত হয়েছেন। এই ধরনের ভুল ও অসত্য তথ্য ভক্তদের আবেগকে আঘাত করে বলেও দাবি করেন তারা।
মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর দেশে ও বিদেশে থাকা অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন এবং শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নেন। এমন পরিস্থিতিতে আবিদা পারভীনের পরিবার গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে যেন নির্ভরযোগ্য ও নিশ্চিত সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করা হয়।
একই সঙ্গে শিল্পীর ব্যক্তিগত জীবন ও পরিবারের গোপনীয়তা সম্মান করার অনুরোধও জানানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে সুফি সংগীতের এক অনন্য আইকন হিসেবে পরিচিত আবিদা পারভীন। এর আগেও একাধিকবার তার অসুস্থতা কিংবা মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই পরিবার ও ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।