গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে : প্রিন্স
সংগৃহীত ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হচ্ছে। এই গণজাগরণ দেখে কিছু দলের গাত্রদাহ শুরু হয়েছে। এজন্য তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকার সাংগঠনিক ও অন্যান্য এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং জাতীয় নেতাসহ গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মতো কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ করতেও দ্বিধা করেননি।
রবিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডুমঘাটা গ্রামে আয়োজিত নারী সংগঠকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি নারীর শিক্ষা, ক্ষমতায়ন, মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপি একটি নারীবান্ধব রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়ন, অগ্রগতি ও স্বাবলম্বী করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যখনই ভোটের সুযোগ পেয়েছে, তখনই নারীরা বিএনপিকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবারও ইনশাল্লাহ নারীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন।
বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করা হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত এবং নারী নির্যাতন ও যৌতুক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।