মহেশখালীতে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধার

মহেশখালীতে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে এক নারী ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার বিকেলে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ইসমত আরা (২৬) ও তার ছেলে আবরার (৪)।

স্থানীয়রা জানান, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলের পাশে একটি ইট পড়ে থাকতে দেখা যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিবার সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পূর্বে তার আচরণে অস্বাভাবিকতার বিষয়টি পরিবার লক্ষ্য করেছিল।

ওসি বলেন, প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে একটি ধারণা দেওয়া হলেও বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—তা নির্ধারণে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত নারী ডিভোর্সপ্রাপ্ত ছিলেন এবং বাবার বাড়ির পাশে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।