কুমিল্লার বুড়িচংয়ে দুইপক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত

কুমিল্লার বুড়িচংয়ে দুইপক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর নাগর বাড়িতে গৃহস্থালির পালিত গরুর গোবর-গোমূত্র ও ব্যবহৃত আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফাহিমা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পূর্বের বাকবিতণ্ডার জেরে একই বাড়ির সবুজের পরিবারের সঙ্গে প্রতিবেশী জহিরুল ইসলামের পরিবারের মধ্যে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র- দাঁ, ছেনি ও ছুরি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষে আ. সাত্তারের ছেলে আবু তাহের (৬৫), ইকবাল হোসেন (৩৩), আহত আবু তাহেরের ছেলে শাহজালাল এবং জহিরুল ইসলামের স্ত্রী ফাহিমা গুরুতর আহত হন। চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত আহতদের বুড়িচং সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গর্ভবতী ও দুই সন্তানের জননী ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।