ফেনী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না করায় দুই নার্স বরখাস্ত
সংগ্রহীত ছবি
ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও শৃঙ্খলাহীনতার অভিযোগে দুই সিনিয়র নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল এবং সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।
নার্সিং ও মিলডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্না করার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তির ক্ষতি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট নার্সদের পেশাগত দায়িত্বে গুরুতর অবহেলা এবং অসদাচরণ ধরা পড়েছে।
বরখাস্তকৃত নার্সরা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলার মুখোমুখি হবেন, তবে এই সময়ে তাদের খোরপোষ ভাতা প্রদান করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, “দুজনের সাময়িক বরখাস্তের আদেশ গ্রহণ করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, কিছু সেবাগ্রহীতা জানিয়েছেন, ভিডিওতে দৃশ্যমান নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও আরও কয়েকজন চিকিৎসক ও নার্সের সম্পৃক্ততা থাকলেও যথাযথ তদন্তের উদ্বেগ রয়েছে।