চাঁদপুরে পণ্য মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চাঁদপুর ও কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে হাজীগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করার দায়ে মিনহাজ ফুড প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ইউনিক লাইভ বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার মো. রাজিব ফকির।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।