শেরপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ
ফাইল ছবি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড়, ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসংবলিত পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩(৩)(বি) অনুচ্ছেদ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(ক) ও ১৮ ধারার লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে এ বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা প্রদান করতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, “একটি চিঠি অফিসে এসেছে বলে জানতে পেরেছি। তবে এখনো তা খুলে দেখিনি।”
শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।