মমতাজের চার বাড়ি ও পূর্বাচলের প্লট জব্দের নির্দেশ
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সংগীতশিল্পী মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়ি, পূর্বাচলের একটি প্লটসহ একাধিক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলমান থাকায় এ নির্দেশনা দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালাত।
আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে অবস্থিত একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এ ছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে।
মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দুইতলা বাড়ি ছাড়া জব্দ হওয়া এসব সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম মমতাজের সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।
গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগে তিনি কারাগারে রয়েছেন।