১২ দিন পর কচুরিপানার নিচে মিলল অটোরিকশা চালকের মরদেহ
প্রতিকি ছবি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের হিরাপুর কবরস্থানের পাশের একটি খাল থেকে কচুরিপানার নিচে মরদেহটি উদ্ধার করা হয়। বাঙ্গরা বাজার থানা পুলিশ সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করে।
নিহত অটোরিকশা চালকের নাম আলাউদ্দিন (৩৫)। তিনি পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকানিকের কাছে তার অটোরিকশা মেরামত করাতে যান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকানিককে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এরপর যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের ১২ দিন পর মরদেহ উদ্ধারের খবরে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, আমার তিনটি ছোট সন্তান আর বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে?
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যেহেতু নিখোঁজের বিষয়ে দেবিদ্বার থানায় জিডি করা হয়েছিল, সেখানেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।