বেগম খালেদা জিয়ার আদর্শেই দেশ এগিয়ে নিতে হবে: খোকন তালুকদার
সংগৃহীত ছবি
মাদারীপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও দলের সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, আমরা হুমকি কিংবা চাপ প্রয়োগে বিশ্বাসী নই। আমরা মানুষকে ভালোবেসে ভোট নিতে চাই। আমি নিজে এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী, কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাদারীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া কালকিনি ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।