নির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা পরিকল্পনা

নির্বাচন ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা পরিকল্পনা

সংগৃহীত ছবি

বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব অভিযানের কার্যক্রম দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষ্যে বুধবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল সেক্টরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল-এর পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে রয়েছে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মায়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার, যেখানে ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে।

বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহ গত ১ নভেম্বর ২০২৫ থেকে অদ্যাবধি সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৭২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল এবং ৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ২৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তলসহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ এবং ২৪টি ডেটোনেটর।

 

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ, এই ৪টি সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে সকল ভোটকেন্দ্রের রেকি কার্যক্রম চলমান রয়েছে এবং তা দ্রুত সম্পন্ন করা হবে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনের আগে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ, সন্ত্রাসী তৎপরতা, মাদক ও চোরাচালান রোধে দিনরাত নিরবচ্ছিন্ন টহল অব্যাহত থাকবে।

 

সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার সাধারণ জনগণকে সচেতন করতে বিজিবি জনসচেতনতামূলক সভার আয়োজন করছে এবং যেকোনো সন্দেহজনক তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।