খুলনা মহানগরীতে যৌতুক না পেয়ে চুল কেটে গৃহবধূকে নির্যাতন

খুলনা মহানগরীতে যৌতুক না পেয়ে চুল কেটে গৃহবধূকে নির্যাতন

প্রতিকী ছবি

খুলনা মহানগরীতে যৌতুকের পাঁচ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই সন্তানের জননী এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। নির্যাতনের এক পর্যায়ে গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সাহাপাড়া রোডের খায়রুল ইসলামের ভাড়া বাড়িতে। গতকাল বুধবার দুপুরে প্রতিবেশীদের সহায়তায় দুই বছরের শিশুপুত্রকে নিয়ে নির্যাতিত গৃহবধূ পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলে বিষয়টি প্রকাশ্যে আসে।

 

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী লুবাবা জামান প্রমিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ফয়সাল আহমেদ দীপ পলাতক রয়েছেন।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।